জাবিতে ছাত্রী হলে রাত ১১টার মধ্যে গেটে তালা দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০২:২৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রী হলের মূল ফটকে রাত ১১টায় তালা লাগানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি জাহানারা ইমাম হল প্রশাসনের পক্ষ থেকে প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১১টার পর মূল প্রবেশদ্বারে তালা লাগানো হবে এবং কোনো ছাত্রী হলের বাইরে যেতে পারবেন না। তবে অতি জরুরি প্রয়োজনে প্রবেশের ক্ষেত্রে গার্ড রুমে সংরক্ষিত রেজিস্টার খাতায় তথ্য লিপিবদ্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। যোগাযোগ করা হলে জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘রাত ১১টার পর জরুরি প্রয়োজনে কোনো ছাত্রী বাইরে যেতে চাইলে বা বাইরে থেকে হলে ফিরলে তাকে বাধা দেওয়া হবে না। শুধু কোথায় যাচ্ছে ও ফোন নম্বর খাতায় লিখে যাওয়ার কথা বলা হয়েছে, যাতে কোনো সমস্যায় পড়লে হল প্রশাসন সহযোগিতা করতে পারে।’ তিনি বলেন, ‘ছাত্রীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে ছাত্রীরা যদি এ নিয়ম না চায়, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তাদের মতামত ও স্বাধীনতার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।’‎

 শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের  প্রীতিলতা হলেও দীর্ঘদিন ধরে রাত ১০টার পর হল থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে। সম্প্রতি ১৮ আগস্ট প্রীতিলতা হলের কক্ষে রাতে অতিথি থাকার ক্ষেত্রেও প্রাধ্যক্ষকে অবহিত করার নির্দেশও জারি করা হয়।

নৃবিজ্ঞান বিভাগ ও প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী তমা বলেন, প্রীতিলতা হলে দীর্ঘদিন ধরে অযাচিত নিয়ম-কানুন আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাত সাড়ে ১০টার  পর থেকে আর বের হতে দেওয়া হয় না। কোনো জরুরি প্রয়োজনেও না। অনেক সময় মেডিকেল ইমার্জেন্সিতেও প্রভোস্টের পারমিশন লাগবে, অ্যাম্বুলেন্স ছাড়া যাওয়া যাবে না এমন নিয়ম-কানুন দেখায়। দিন দিন এই নিয়মের বোঝা হল প্রশাসন বাড়াচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। অন্য কোনো হলে এমন নেই। তাই এই নিয়মের দোহাই দেখিয়ে বা নিরাপত্তার দোহাই দেখিয়ে নারী শিক্ষার্থীদের আটকে রাখা বন্ধ করা হোক এটাই চাই।

প্রীতিলতা হলের প্রভোস্ট নাসরীন সুলতানা শিক্ষার্থীদের অভিযোগ  অস্বীকার করে  বলেন ‘আমাদের হলে এমন কোনো নিয়ম নেই যে রাত ১০টার পর কেউ বাইরে যেতে পারবে না। যার যখন প্রয়োজন হচ্ছে, সে রেজিস্ট্রি খাতায় নাম লিখে বের হচ্ছে।’

শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর দাবি, অনতিবিলম্বে জাহানারা ইমাম হলের গেটে তালা মারার সিদ্ধান্ত ও প্রীতিলতা হলের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং ২০১৮ সালের বিতর্কিত সান্ধ্য আইন পুরোপুরি বাতিল করে ক্যাম্পাসে সবার সমান চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত