ফুটবলের প্রতিশোধ ক্রিকেটে: স্পেনের রেকর্ড জয়যাত্রা থামাল পর্তুগাল

জুলাইয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল ফুটবল দল। ক্রিকেট মাঠে সেই পরাজয়ের প্রতিশোধ নিলে পর্তুগাল। টানা ২৬ ম্যাচ জেতা স্পেনকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নিশ্চিত করেছে মোজেস হেনরিকসের দল। 

শুক্রবার ফিনল্যান্ডের কেরাওয়া ন্যাশনাল ক্রিকেট ফিল্ডে অনুষ্ঠিত সাব-রিজিওনাল কোয়ালিফায়ার 'সি'-র ফাইনালে স্পেনের অধিনায়ক ক্রিশ্চিয়ান মুনোজ-মিলস টসে জিতে পর্তুগালকে ব্যাটিংয়ে পাঠান। পর্তুগালের ইনিংসে ধাবলকুমার নরোত্তম (২৩) ও ক্রিস্টোফার ডি ফ্রেইটাস (৩৯) শক্ত ভিত গড়ে দেন। সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক অলরাউন্ডার হেনরকিস ১৮ রান করেন। শেখ দিকে ক্রেইগ ক্যাচোপার (২১ বলে ২৫), কার্লোস নুনেসের (৯ বলে ১৫) এবং জেরুমি মার্টিন্সের (৮ বলে ১৮*) দ্রুতগতির ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রানের লড়াকু স্কোর দাঁড় করায় পর্তুগাল। স্পেনের পক্ষে ইয়াসির আলী (২/২৪) ও লর্ন বার্নস (২/২৯) সেরা বোলিং করেন।

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় স্পেন। সেবাস্টিয়ান ডি অলিভেইরা ও জেরুমি মার্টিন্সের তোপে মাত্র ৩২ রানেই ৩ উইকেট হারায় তারা। প্রাথমিক ধাক্কা সামলে ইয়াসির আলী ও ড্যানিয়েল ডয়েল ক্যালে স্পেনকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও ১১তম ওভারে তা ব্যর্থ করে দেন বাংলাদেশ বংশোদ্ভুত সিরাজ উল্লাহ খাদেম। ২৯ রান করা ইয়াসিরকে বোল্ড করে পর্তুগালকে চালকের আসনে বসান তিনি। শেষপর্যন্ত স্পেনকে ১০৩ রানে গুটিয়ে দিয়ে ৫৭ রানের জয় তুলে নেয় পর্তুগাল। 

ইউরোপীয় কোয়ালিফায়ারের বর্তমান সমীকরণ
এই জয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপিয়ান কোয়ালিফায়ারে জার্সি ও ডেনমার্কের সঙ্গী হলো পর্তুগাল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতায় স্কটল্যান্ড সরাসরি ইউরোপিয়ান কোয়ালিফায়ারে খেলবে।