আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখার পর ক্লাব ফুটবলেও ইন্টার মায়ামির হয়ে নিজের রাজত্ব ধরে রেখেছেন লিওনেল মেসি। মাঠে তার জাদুকরী পারফর্ম যখন চলমান তখন তার মাঝেই এক বিশেষ সম্মাননা গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। খেলাধুলার জগতে অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ২০২৬’ নিতে চলতি মাসেই স্পেনের ওভিয়েদো শহরে যাবেন মেসি।
তবে ম্যাচের ঠিক দুদিন আগে প্রস্তুতি পর্ব বাদ দিয়ে মেসির এমন দীর্ঘ দূরত্বের সফর নিয়ে কোনো উদ্বেগের কারণ দেখছেন না মায়ামির প্রধান কোচ ক্রিস্টিয়ান 'কিলি' গনজালেস; বরং এই বড় প্রাপ্তিতে অধিনায়কের পাশে থেকে পূর্ণ সমর্থন জানিয়েছে পুরো ক্লাব কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচের আগে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় মেসিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে আরও মর্যাদাপূর্ণ পুরস্কার।
আগামী ২২ অক্টোবর স্পেনের ওভিয়েদোর 'প্যালাসিও দে লস দেপোর্তেস'-এ অনুষ্ঠিত হবে 'পুরস্কার সপ্তাহ' কর্মসূচির মূল অনুষ্ঠান, যেখানে তরুণ সমাজ ও শিশুদের উদ্দেশ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। এরপরই ২৪ অক্টোবর নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তার।
তার আগে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে মেসির স্পেন সফর নিয়ে কিলি গনজালেস বলেন, ‘হ্যাঁ, তাঁর এই অনুষ্ঠানটি রয়েছে, আর তিনি যেভাবে এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন তা আমার খুব পছন্দ হয়েছে। ক্লাব কর্তৃপক্ষও এতে সম্পূর্ণ সহমত, কারণ এটি শুধু লিও নয়, তাঁর পরিবারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মাননা।’
চলতি জুনে ১২ সদস্যের বিশেষ জুরি বোর্ডের বিচারে ২৭টি দেশের প্রার্থীদের পেছনে ফেলে প্রথম স্বতন্ত্র ফুটবলার হিসেবে এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হন মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের মানবিক গুণের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড পান তিনি।
মর্যাদাপূর্ণ এই সম্মাননা ঘোষণার সময়ে এক বার্তায় লিওনেল মেসি বলেছিলেন, ‘এমন গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি পেয়ে আমি সত্যিই গর্বিত। শুধু মাঠে আমি কী করি তা নয়, মাঠের বাইরের কাজের জন্যও যখন এমন মূল্যায়ন করা হয়, তা দারুণ এক অনুভূতি এনে দেয়। আমি খুবই আনন্দিত এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি। ২৩ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও চার গোলের ব্যবধানে সবার শীর্ষে আছেন অধিনায়ক মেসি। শনিবার অ্যাটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হওয়ার পর এই স্প্যানিশ সফরে যাবেন তিনি।
সেখানেই মেসির ম্যাচসূচি ও ক্লান্তি প্রসঙ্গে কোচ কিলি গনজালেস আরও জানান, ‘অবশ্যই রেড বুলসের বিপক্ষে ম্যাচে আমি তাকে দলে পাব। আমি চাই সে ভালো থাকুক। সে সেখানে যাবে এবং পরবর্তীতে আমাদের ম্যাচটিতেও তাঁকে আমরা পাব, তাই এ নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই।’
কিংবদন্তিদের উত্তরসূরি: ব্যাট হাতে দ্রাবিড় ও শেবাগপুত্রের ঝড়