বিমানবন্দরে ৩ কেজি কুশ মাদকসহ ভারতীয় গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতের নাম হোসাইন আবদুল কাদের শেখ। তিনি ভারতের কর্ণাটকের বাসিন্দা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের ড. মো. আবু সাঈদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতের ট্রলিব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৩ কেজি কুশ উদ্ধার করা হয়। তার পাসপোর্ট, মোবাইল ফোন, ৪০০ ইউএস ডলার, ১৫৫০ থাইল্যান্ডের মুদ্রা বাথ ও ৪০০ ভারতীয় রুপিসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাংলাদেশের কয়েকজনের যোগসাজশে তিনি কুশ নিয়ে ঢাকায় আসেন। ওই ব্যক্তিরাই তার থাকা ও মাদক কারবারির সহযোগীতা করতে চেয়েছিল। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এদিকে শাহজালাল বিমানবন্দরে ট্রাভেল ট্রলিতে ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ (উচ্চমানের গাঁজা) ও পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়েছে দুই ভারতীয় নাগরিক।

গত মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএনসি জানায়, সেদিন বিকেল সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) বিমানবন্দরে অবতরণ করেন। ডিএনসির উপস্থিতি টের পেয়ে তারা দুটি ট্রাভেল ট্রলি ও নিজেদের ভারতীয় পাসপোর্টের ফটোকপি ফেলে দ্রুত সরে পড়েন।

পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রলি দুটি তল্লাশি করে মোট ৪ কেজি ১৮০ গ্রাম কুশ মাদক উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, পলাতক দুই আসামি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার গোন্দলপাড়ার বাসিন্দা। এ ঘটনাতেও বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।