ঢাকার বিদেশি দূতাবাসে হুমকি, তদন্ত করছে পুলিশ

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম

ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে পাঠানো একটি হুমকির ইমেইল তদন্ত করে দেখছে পুলিশ। কয়েকদিন আগে পাওয়া এই হুমকির বার্তাগুলোর বিষয়ে দূতাবাসগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অবহিত করে। এর ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে বারিধারার একটি কার্যালয়ে সিটিটিসি কর্মকর্তারা দুটি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দূতাবাসের কর্মীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন সিটিটিসি কর্মকর্তারা।

ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ ইতোমধ্যেই মূল তদন্তের কাজ শুরু করে দিয়েছে। শনিবার রাতে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সী শাহাবুদ্দীন সাংবাদিকদের বলেন, 'একাধিক দূতাবাস ও ব্যক্তিদের কাছে পাঠানো ওই ইমেইল বার্তা নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই।'

তিনি বলেন, 'তদন্তের কাজ চলছে। এখনও কাউকে চিহ্নিত করা সম্ভব না হলেও আমাদের ধারণা এগুলো প্রতারণামূলক ইমেইল (ইমেইল স্ক্যাম)।'

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াতেই কোনো একটি চক্র এই ধরণের হুমকির বার্তা পাঠিয়ে থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত