কলকাতার হোটেলে আগুন

৭ জনের মরদেহ দেশে এলো

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে এসেছে। গতকাল শনিবার কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার ও সাভারের এক ব্যবসায়ীসহ পাঁচজনের মরদেহ এসেছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে। আর সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা এস এম আলিমুজ্জামান সাজুর মরদেহ এসেছে ভোমরা স্থলবন্দর দিয়ে। তবে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ পরিবারের সম্মতিতে কলকাতাতেই সৎকার করা হবে বলে জানা গেছে।

শিখা ইন হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গতকাল  তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কলকতা পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৫টায় শূন্যরেখায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাঁচজনের মরদেহ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। প্রিয়জনদের মরদেহ নিতে সকাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনরা। মরদেহ পৌঁছানোর পর তাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। যাদের মরদেহ এসেছে তারা হলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা শারমীন, তাদের তিন বছর বয়সী সন্তান শর্ণাশীষ দত্ত, তার শ্বশুর মো. আকরাম আলী ও ঢাকার সাভারের আমিনবাজার এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। তারা চিকিৎসার জন্য ভারতে যান।

নিহত দেবাশীষ দত্তের পারিবারিক সূত্র জানিয়েছে, দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণাশীষ দত্তের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে। আফসানা শারমীন ও আকরাম আলীর মরদেহ ইসলামি রীতিতে দাফন করা হবে। ৯ বছর আগে আফসানাকে ভালোবেসে বিয়ে করেন দেবাশীষ।

নিহত ব্যবসায়ী আহমেদ বাবুর বড় ভাই মোহাম্মাদ আলী জানান, আহমেদ বাবু চিকিৎসার জন্য ঘটনার দুদিন আগে কলকাতায় যান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, পাঁচজনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ সকাল ১০টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে আসে। স্বজনরা মরদেহ গ্রহণ করে বিকালে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেছেন।

গত ১৯ আগস্ট বুধবার রাত ২টার দিকে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯জনের মৃত্যু হয়। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশ উপ-হাইকমিশন ও স্থানীয় প্রশাসন।