চোখে ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। গতকাল শনিবার রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জিয়াউর রহমান ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে অস্ত্রোপচারের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে। আয়োজকরা জানান, চিকিৎসাসেবাকে সাধারণ ও অসচ্ছল মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে অস্ত্রোপচার, ওষুধ ও চশমা প্রদানের মাধ্যমে ছানিজনিত দৃষ্টিশক্তির সমস্যা থেকে রোগীদের মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।