এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী।
শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলার একজন করে রয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে আইসিটি পরীক্ষায় মোট ৮১ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৮ হাজার ৮৯৮ জন। ফলে অনুপস্থিতির হার দাঁড়ায় প্রায় ২ দশমিক ৯৬ শতাংশ।
জেলা অনুযায়ী অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে। এ জেলায় ১ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। কক্সবাজারে অনুপস্থিত ছিলেন ৩৪৬ জন, খাগড়াছড়িতে ২১১ জন, রাঙামাটিতে ১৫৫ জন এবং বান্দরবানে ১২২ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করে উত্তর লেখার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।