দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে রবিবার বেলা ১১টায় বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল।
দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এর আগে শনিবার সকালে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি নিজে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে সই করেন। তার এই সফরকে কেন্দ্র করে শনিবার স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।