বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি এবং এ দেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করার পর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের প্রতি শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরের সম্মতি প্রকাশ করেন।
দুই দেশের বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে দেশটির উদ্যোগ কামনা করেন। তিনি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্যের মান উন্নত এবং দাম প্রতিযোগিতামূলক।
চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে তার দেশের ইতিবাচক উদ্যোগের কথা জানান।
রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা এবং কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
এ ছাড়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।
এ প্রসঙ্গে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের উল্লেখ করে তিনি বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে। রায়টির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান তিনি। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।
দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি