ম্যাকাইতে দ্বিতীয় দিনের পুরো সময়ও টিকল না খেলা। আরও একবার ব্যাটিংয়ে বাংলাদেশের যাচ্ছেতাই পারফর্ম। এতেই ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হারল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট সফরকারীরা।
টেস্টে এই প্রথম দুই ইনিংসেই একশ'র নিচে অলআউট হলো বাংলাদেশ। ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে এসেই এই না চাওয়ার কীর্তি গড়ল শান্ত-হাসানরা। এতে ১-১ ব্যবধানে সিরিজ ড্রয়ে শেষ হলো এবারে অস্ট্রেলিয়া সফর।
অস্ট্রেলিয়ার মাটিতে দুই দিনে টেস্ট ম্যাচ শেষের ঘটনা অতীতে হাতে গোনা মাত্র তিনবার ঘটেছিল। প্রথমটা ১৯৩১ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ, ২০২২ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ এবং ২০২৫ সালে পার্থে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে সেই দুর্লভ ও সংক্ষিপ্ততম টেস্টের এই তালিকায় এবার যুক্ত হলো ম্যাকাই টেস্ট, যেখানে আজ ইনিংস ও ৫১ রানে হেরে মাত্র দুই দিনেই ম্যাচ শেষ করল বাংলাদেশ।
ম্যাকাইতে দ্বিতীয় দিনের সকালে আরো ৪৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। ২১০ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে স্বাগতিকদের লিড থামে ১৪৬ রানের।
বাংলাদেশের হয়ে এই দুই দিনে একা লড়ে বল হাতে ইতিহাস গড়েছেন শরীফুল ইসলাম। আগের দিন ৮ উইকেটে ১৬৫ রান করা অস্ট্রেলিয়াকে চেপে ধরে দিনে শুরুতেই সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে (৬৭) ফেরান তিনি। শেষ পর্যন্ত ৪৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে ২০০৮ সালে শাহাদাত হোসেনের করা ৬ উইকেটের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশি পেসার হিসেবে ইনিংসে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েন শরীফুল।
এদিকে ১৪৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের ব্যাটিংয়ের চিত্রটাই ফিরিয়ে আনলেন সফরকারীদের দলের ব্যাটারের। উইকেটের মিছিলে একে একে নাম লেখালে ইনিংস গুটিয়ে যায় কেবল ৯৫ রানেই। সেখানে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ২৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। এছাড়া আর কোনো ব্যাটারই পেরোতে পারেননি ১০ রানে গণ্ডি। এদিকে অজিদের হয়ে এই ইনিংসেও দারুণ বোলিং করেন মিচেল স্টার্ক, নেন ৪ উইকেট। এতে এই টেস্টে তার উইকেট সংখ্যা দাঁড়াল ১০-এ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৪/১০ (৩৪ ওভার) (শরিফুল ১৪, তাইজুল ১১*, মিরাজ ১১, হাসান ১০; স্টার্ক ৬/১২, কামিন্স ৩/২৫)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২১০/১০ (৫২.৩ ওভার) (হেড ২২, রেনশ ৮, স্মিথ ৪২, গ্রিন ৬৭, লায়ন ২০*; শরিফুল ৭/৪৮, তাসকিন ১/৫৮, মিরাজ ১/৪)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৯৫/১০ (৩৮.৩ ওভার) (শান্ত ৩১, মুশফিক ২৯*; স্টার্ক ৪/৩৯, কামিন্স ৩/১০)
ফলাফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানে জয়ী
সিরিজের ফলাফল: ১-১ ড্র
ম্যাচ ও সিরিজ সেরা উভয়: মিচেল স্টার্ক