জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে কৃষক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মল্লিকপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) ওই উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে জমিজমা সংক্রান্ত বিরোধীদের জের ধরে তবিবার হোসেনের সঙ্গে চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত চাচাতো ভাই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।