খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে শেখ মুজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী পুষ্প বেগম (৫০) ও ছেলে শেখ মিরাজ (২২) গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার জানান, শেখ মুজিবুরের সঙ্গে তার ভাতিজা আশরাফুল আলম ওরফে কুতুবের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কুতুব উদ্দিন ধারালো হাসুয়া দিয়ে চাচা মুজিবরকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তাকে ঠেকাতে গেলে কুতুব উদ্দিন মুজিবরের স্ত্রী পুষ্প বেগম ও ছেলে হাফেজ শেখ মিরাজকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো হাঁসুয়ার আঘাত ঠেকাতে গিয়ে মুজিবের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ মুজিবর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় মুজিবরের স্ত্রী পুষ্প বেগম ও ছেলে হাফেজ শেখ মিরাজকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর ঘাতক ভাতিজা কুতুব উদ্দিন পালিয়ে যায়। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।