বাগেরহাট সদর সুন্দরবন সিংহের বাজার থেকে শনিবার (২২ আগস্ট) একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ ৮ জন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছিল। ঘোরাঘুরির এক পর্যায়ে তাদের বহনকারী নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে, যেকোন সময় নৌকাটি ডুবে যেতে পারে। ৯৯৯-কে কলার দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাট নৌ-পুলিশকে এবং মংলা কোস্টগার্ডকে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার মালিহা আক্তার এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট কোস্টগার্ডের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।
ঘটনা সূত্রে জানা যায়, ৮ জন পর্যটক সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী থেকে ঘোরার উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় সুন্দরবনের সিংহের টেক এলাকায় পৌঁছালে নৌকাটির তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে।
৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে বাগেরহাট নৌ-পুলিশ এবং মংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ ৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।