কঙ্গনার নিশানায় এবার তাপসী

বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত বরাবরই সোজাসাপটা কথা বলে মাঠ গরম করে আসছেন। যেকোনো ইস্যু নিয়ে এমনকি বাঘা-বাঘা তারকাদেরকেও কটাক্ষ করতে ছাড়েন না তিনি। এবার এই অভিনেত্রী ও সংসদ সদস্যর নিশানায় দক্ষিণী তারকা তাপসী পান্নু। এই নায়িকার ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যের জবাব দিতে গিয়ে তার বেড়ে ওঠা এবং আর্থিক অবস্থা নিয়ে কটাক্ষ করলেন কঙ্গনা। একই সঙ্গে নিজের পরিবারকে ‘রাজপুত জমিদার বংশ’ বলে উল্লেখ করেছেন কঙ্গনা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তার কখনও সামনাসামনি দেখা হয়নি। তাঁদের তথাকথিত বিবাদ শুরু হওয়ার আগেও নয়, পরেও নয়। তা সত্ত্বেও সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে দু’জনের বিরোধ নিয়ে বহু আলোচনা হয়েছে। তাপসীর কথায়, একজন মানুষ অন্যের সম্পর্কে কীভাবে কথা বলেন, তাতে তাঁর পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তিনি এবং কঙ্গনা যেভাবে নিজেদের মত জানান, তা দেখেই দর্শকেরা বুঝতে পারবেন কে কোন পরিবেশ থেকে উঠে এসেছেন। 

এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা লেখেন কঙ্গনা। তার অভিযোগ, শহরের প্রান্তে ছোট ও ঘিঞ্জি ভাড়াবাড়িতে কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে বেড়ে ওঠা কিছু মানুষ প্রায়ই তার পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বাবা-মাকে অপমান করেন। কঙ্গনার দাবি, তার বাবা-মা একটি প্রতিষ্ঠিত রাজপুত জমিদার পরিবারের সদস্য। তারা শিক্ষিত এবং সমাজে সম্মানিত। অভিনয়জীবন শূন্য থেকে শুরু করা তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। সেই কারণে তাঁর বাবা-মা বা পারিবারিক পরিচয়কে আক্রমণ করার কোনও যুক্তি নেই। তাপসীর ইংরেজি বলা নিয়েও কটাক্ষ করেছেন কঙ্গনা। যদিও তাপসীর পারিবারিক বা আর্থিক অবস্থা সম্পর্কে নিজের দাবির সমর্থনে কোনও তথ্য দেননি তিনি। কঙ্গনার সর্বশেষ আক্রমণের জবাব এখনও দেননি তাপসী।