কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও অন্যান্য পণ্যসহ যানবাহন এবং ৯০ কেজি গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট ও ৪টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, ২২ আগস্ট ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং জব্দকৃত গাঁজা বিধি অনুযায়ী ধ্বংস করা হবে।