কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক

কক্সবাজারে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও তিনটি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়।

রবিবার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। এর ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাজারে বিক্রির উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালানটি বিভিন্ন মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে আনা হয়। তারা এর আগেও একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।