প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল রাজশাহী স্টারসের জন্য শুধুই মর্যাদা রক্ষার। সেই শেষ ম্যাচে স্বরুপে ফিরল বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। গুয়ামের ক্লাব রোভার্স এফসিকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে টুর্নামেন্ট শেষ করেছে গোলাম রব্বানীর দল।
মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা জুড়েই ছিল রাজশাহীর একচ্ছত্র আধিপত্য। আক্রমণভাগের স্ট্রাইকার তহুরা খাতুন হ্যাটট্রিক করে জয়ের মূল কারিগর হন। টুর্নামেন্টের 'এ' গ্রুপে সবচেয়ে ব্যাকফুটে থাকা রোভার্স তিন ম্যাচে মোট ৩৩টি গোল হজম করেছে।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ৫২ মিনিটে মনিকা চাকমার পাস ধরে স্বর্ণা রানী এবং পরের মিনিটেই সুযোগ কাজে লাগিয়ে মনিকা নিজে গোল করে ব্যবধান ৫-০ করেন। ৬০ মিনিটের মাথায় তহুরা নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
ম্যাচের শেষ দিকে ৭১ মিনিটে শামসুন্নাহার সিনিয়র এবং ইনজুরি টাইমে শামসুন্নাহার জুনিয়র লক্ষ্যভেদ করলে ৮-০ গোলের বড় জয় নিশ্চিত হয়। কলকাতা ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ এবং সাবাহ এফসির কাছে ২-১ ব্যবধানে হারের পর এই জয় রাজশাহীকে কিছুটা স্বস্তি দিল।