চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মো. নুরুল আলমকে (৫০) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই শহিদুল ইসলামের (৩০) বিরুদ্ধে।
শনিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সানের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল আলম ও অভিযুক্ত শহিদুল ইসলাম একই এলাকার ইদ্রিসের ছেলে।
আহত এবং হামলাকারী ভাই মোরশেদ বলেন, আমার মায়ের কাছ থেকে মাদক সেবনের টাকার জন্য ঝগড়া করায় আমার দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই নুরুল আলমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নুরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ছদাহারে বড় ভাইকে কুপিয়ে জখম করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক সেবক কিংবা বিক্রেতা মনে রাখবেন কারো ছাড় নেই।