কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) ভোর রাত ৪টার দিকে  হযরতপুরের বৌনাকান্দি এলাকায় একটি মুঠোফোন অপারেটরের টাওয়ারের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড় কাছনা গ্রামের মো. শামীম ওরফে মোজাম ডাকাত (২৮), কেরানীগঞ্জ মডেল থানার খোলামোরা এলাকার শান্ত ওরফে সুমন (২৬), কুড়িগ্রামের উলিপুর উপজেলার এলাকার মো. মোক্তার হোসেন (২৭) ও গোসাইরহাটের বড় কাছনা এলাকার শহিদুল ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় বৌনা কান্দি এলাকার একটি মুঠোফোন অপারেটরের টাওয়ারের নিচে ১২ থেকে ১৩ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়েছে। এই সংবাদ ভিত্তিতে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ডাকাতির উদ্দেশ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেখানে জড়ো হয়েছিলেন। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার এস আই মাসুদ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করেন।  পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষে গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডর  করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।