প্রধানমন্ত্রীর সহকারী সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এর নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রবিবার (২৩ আগস্ট) বিকালে রাজধানীর খিলক্ষেত থেকে প্রতারক কাকন রানাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় ডিএমপির মিডিয়া শাখা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক হিসাব খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তদন্তকালে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত তিনটি মোবাইল ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া, তার ব্যবহৃত মোবাইল ডিভাইসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।