নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে মিরসরাইয়ে আনন্দ মিছিল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় মিরসরাইয়ে আনন্দ মিছিল করেছে মিরসরাই উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। 

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বড়তাকিয়া বাজার এলাকায় মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমনের সভাপতিত্বে ও সমন্বয়ক হারুনর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক উজ্জামান চেয়ারম্যান, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

এসময় খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদলের বিভিন্ন ইউনিটের আহবায়ক-সদস্য সচিব, স্বেচ্ছাসেবকদলের উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি- সম্পাদকসহ নেতা, কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।