চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয় গেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মো.বোরহান উদ্দিন (২৮) এই উপজেলার কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, রবিবার সকালে মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার সময় ধসে পড়ে অন্তত ১৫ ফিট নিচে ইট কংক্রিটের চাপায় পড়ে শ্রমিক বোরহান উদ্দিন। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করলে ততক্ষণে তিনি মারা যায়।
অভিযোগ রয়েছে, তোরণটি নির্মাণে ঢালায় দেওয়া হয় গত বৃহস্পতিবার সকালে। তিন দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘নির্মাণাধীন তোরণের ছাদ ধসে এক শ্রমিক মারা গেছে। মরদেহ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আমরা মামলা নেব।’