চট্টগ্রামের আনোয়ারায় ১৪৭টি ইয়াবাসহ মো. জসিম উদ্দিন ওরফে টোয়েন্টি জসিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান ইপিজেডের দক্ষিণ গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জসিম জানিয়েছেন, নিজের বিরুদ্ধে থাকা মামলার খরচ জোগাতেই তিনি মাদক ব্যবসায় জড়িয়েছেন। গ্রেপ্তারকৃত জসিম বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া ওরফে নজু মিয়ার ছেলে।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে জসিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে তার পরনের লুঙ্গির গোছা থেকে একটি নীল রঙের বায়ুরোধী পলিপ্যাকে রাখা ১৪৭টি ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জসিম স্বেচ্ছায় জানান, তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার খরচ জোগাতে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি আরও জানান, পলাতক মো. আবছারের কাছ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
পুলিশের সিডিএমএস যাচাইয়ের বরাত দিয়ে জানা গেছে, জসিমের বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় ডাকাতি, অস্ত্র, চুরি, বিস্ফোরক, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এরমধ্যে কর্ণফুলী থানায় ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য আইন, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’