মধুবালা হচ্ছেন সারা

বলিউডের তরুণ অভিনেত্রী সারা অর্জুন রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমায় ইয়ালিনা চরিত্রে অভিনয় করে আলোচনায় এলেও অনেক দিন ধরেই ছিলেন শিরোনামের বাইরে। মনের মতো বা উল্লেখ করার মতো কোনো সিনেমাই ছিল না তার হাতে। তবে দেরিতে হলেও এবার ক্যারিয়ারের বড় চমক হিসেবে দর্শকের সামনে আসছেন এই উঠতি তারকা। কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।  এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সারা। অভিনেত্রীর কথায় এর মাধ্যমে তার ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে বড় এক অধ্যায়।

নির্মিতব্য এই বায়োপিকটি পরিচালনা করবেন ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন। সিনেমাটির প্রযোজনায় থাকছেন সঞ্জয় লীলা বানসালি। ২০২৪ সালের মার্চে মধুবালার বায়োপিক নির্মাণের ঘোষণা আসে। পরে চলতি বছরের এপ্রিল থেকে সারা অর্জুনকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়ার খবর প্রকাশিত হতে থাকে। সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’র কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের শুটিংয়ে যাবেন সঞ্জয় লীলা বানসালি। আগামী সেপ্টেম্বর মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে একই জায়গায় ‘লাভ অ্যান্ড ওয়ার’র শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। আগামী সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার কথা।

মধুবালার চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে প্রস্তুতিও শুরু করেছেন সারা। মধুবালার ব্যক্তিত্ব, চলন, অঙ্গভঙ্গি এবং তার সময়ের পরিবেশ সবকিছু পর্দায় ফুটিয়ে তুলতে কাজ করছেন নির্মাতা জসমিত। সারা কেন এই চরিত্রের জন্য উপযুক্ত, তা নিয়ে নির্মাতাদের পাশাপাশি বলিউডেও আগ্রহ তৈরি হয়েছে।

২০০৫ সালের ১৮ জুন জন্ম সারা অর্জুনের। অভিনেতা রাজ অর্জুনের মেয়ে তিনি। শিশুশিল্পী হিসেবে মাত্র ৬ বছর বয়সে তামিল সিনেমা ‘দেবিয়া থিরুমাগাল’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সারা। এরপর তামিল, তেলেগু ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় কাজ করেন তিনি। তবে ‘ধুরন্ধর’র সাফল্যের পর বলিউডে তার পরিচিতি আরও বিস্তৃত হয়েছে। এবার মধুবালার মতো ঐতিহাসিক এক চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।