ঘোষণাতেই আটক জয়ার ‘ফুরুৎ’

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৩৪ এএম

এই ঢাকা, এই কলকাতা। টানা এক যুগেরও বেশি সময় ধরে এভাবেই চলছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। তবে এই ১২ বছরে ঢাকাই সিনেমার চেয়ে টলিউডেই বেশি ব্যস্ত তিনি। এপার বাংলার চেয়ে ওপার বাংলাতেই তার কাজের পরিধি বেশি। এক যুগেরও বেশি সময় ধরে কলকাতায় নিয়মিত বড় পর্দায় অভিনয় করছেন জয়া, কাজ করেছেন বহু নায়কের সঙ্গে। সাবলীল অভিনয়ের সুবাদে ওপারের শ্রাবন্তী, কোয়েল, শুভশ্রী ও পাওলি দামদের ছাপিয়ে সেরা অভিনেত্রী হিসেবে বাংলাদেশের মতো ভারতেও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

তবে অভিনয়ের পাশাপাশি ৮ বছর আগে ২০১৮ সালের শেষের দিকে ‘দেবী’ সিনেমা বানিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন এই তারকা। দেবীর অভাবনীয় সাফল্যের পর উত্তেজিত হয়ে দ্বিতীয় সিনেমা প্রযোজনার ঘোষণা দেন দিনি। সিনেমার নামও চূড়ান্ত করেছিলেন। ‘ফুরুৎ’ নামের এই সিনেমার কাজ শুরু করার কথা ছিল পরের বছর গ্রীষ্মকালে। ওই সময় জয়া বলেছিলেন, আমার সিনেমার গল্পের কারণেই গ্রীষ্মকালকে বেছে নিয়েছেন তিনি। কিন্তু তারপর একে একে সাতটি গ্রীষ্ম কেটে গেলেও ‘ফুরুৎ’ সিনেমার কাজ আর শুরু হয়নি। বিষয়টি নিয়ে শুরু থেকেই জয়া বলে আসছেন ‘ফুরুৎ’ আমার জীবনের অন্যরকম এক স্বপ্ন। একটু বিলম্ব হলেও একদিন ঠিকই আমার স্বপ্নের বাস্তবায়ন হবে।

কিন্তু সিনেমার চিত্রনাট্য লোকেশন, পরিচালকসহ অনেক কিছুই চূড়ান্ত থাকলেও কোনো এক রহস্যজনক কারণে অনিশ্চিত হয়ে পড়ে এর নির্মাণ। প্রশ্ন উঠেছে, নির্মাতা হিসেবে আবার কবে দেখা মিলবে জয়ার? এ প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি তিনি। বর্তমানে জয়া আহসান ওপার বাংলায় খুব ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকতে দেখা যায় তাকে। পাশাপাশি নিত্য-নতুন ফটোশুটের ছবিও শেয়ার করছেন ভক্ত-অনুরাগীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত