হাসপাতাল ছাড়লেন মেঘলা মুক্তা

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনার পর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এ সময় ৯ থেকে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারও করাতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এই অভিনেত্রী। গতকাল রবিবার সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থা ও বর্তমান সময়ের কথা জানান মেঘলা মুক্তা। তিনি লেখেন ‘হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এই জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং কিছুই নেই। শুধু আমি, আমার রুম, টিভি, ফোন আর মাঝেমধ্যে পড়ার চেষ্টা।’

দুর্ঘটনায় মুখে গুরুতর আঘাত পেয়েছেন মেঘলা। অস্ত্রোপচারের পর মুখে সেলাই ও দাগ রয়েছে। পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। মুখের সেলাই ও দাগ নিয়ে না লেখার জন্য অনেকে তাকে পরামর্শ দিয়েছেন। তবে নিজের কঠিন সময়ের কথা লুকাতে চান না মেঘলা।