জোড়া গোলে রাফিনহার 'মাকড়শা' উদযাপনের রহস্য কি আলভারেজ!

লা লিগার নতুন মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ এলচেকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা। নতুন অধিনায়ক রাফিনহার দারুণ নৈপুণ্য এবং নবাগত করিম আদেইমি ও অ্যান্থনি গর্ডনের চমৎকার অভিষেকের দিনে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হানসি ফ্লিকের শিষ্যরা।

রবিবার রাতে এলচে-র হোম গ্রাউন্ড এস্তাদিও মার্তিনেস ভালেরোতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে কাতালানরা।

পেনাল্টিতে সূচনা ও স্পাইডার উদযাপন

ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন রাফিনহা। পেনাল্টি থেকে সফল স্পট কিকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। গোল করার পর হাঁটু গেড়ে বসে হুলিয়ান আলভারেজের ট্রেডমার্ক 'স্পাইডার-ম্যান' ভঙ্গিতে উদযাপন করে গ্যালারিতে কৌতূহল সৃষ্টি করেন তিনি।

আদেইমির অভিষেক গোল ও গাভির ইনজুরি

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (যোগ করা সময়ে) রাফিনহার পাস থেকে বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন নতুন ফরোয়ার্ড করিম আদেইমি। এর আগে অবশ্য বড় ধাক্কা খায় বার্সা; চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ মিডফিল্ডার গাভি। তার জায়গায় মাঠে নামেন পেদ্রি।

চোটে পড়ে মাঠ ছাড়েন গাভি

গর্ডনের এক মিনিটে বাজিমাত

ম্যাচের ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠের নামেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। মাঠে নামার ঠিক এক মিনিটের মাথায় (৬৫ মিনিটে) বাম দিক থেকে দারুণ এক ক্রস বাড়ান রাফিনহার উদ্দেশ্যে। নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি সম্পন্ন করেন বার্সা অধিনায়ক।

ফিরমিন লেপেজের জোড়া গোল ও জয় নিশ্চিত

ম্যাচের শেষভাগে পুরো নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে সফরকারীরা। গর্ডনের পাস থেকে ম্যাচের চতুর্থ গোলটি করেন ফিরমিন লোপেজ। এরপর ৭৯ মিনিটে জাভি এস্পার্তের থ্রু পাস ধরে বক্সে নিজের দ্বিতীয় গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

জোড়া গোল করে ফিরমিন লোপেজ

প্রথম গোলের পর রাফিনহার মাকড়শা উদযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। গোলের পর মাঠে হাঁটু গেড়ে বসে 'স্পাইডার-ম্যান' বা মাকড়সার ভঙ্গি ফুটিয়ে তোলেন রাফিনিয়া—যা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সুপরিচিত ট্রেডমার্ক উদযাপন হিসেবে স্বীকৃত।

রাফিনহার উদযাপনের পেছনের সম্ভাব্য দুই কারণ

বিশ্বকাপ ২০২৬ চলাকালীনই আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় আসার ইচ্ছা ব্যক্ত করেছিলেন হুলিয়ান আলভারেজ। একই দিনে আতলেতিকোর ম্যাচে সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। অন্যদিকে রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেস ক্লাব ছাড়ার পর ৯ নম্বর পজিশনের জন্য একজন স্ট্রাইকার খুঁজছে বার্সা। এই ম্যাচে রাফিনহ নিজে সেন্টার-ফরওয়ার্ড হিসেবে খেলে গোল করার পর আলভারেসের ঢঙে উদযাপন করায় এটিকে আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রতি বার্তা হিসেবে দেখছেন অনেকে।

‎পারিবারিক কারণ: অবশ্য রাফিনিয়ার এই উদযাপনের পেছনে অন্য একটি ব্যাখ্যাও রয়েছে। প্রায়শই নিজের ছেলের পছন্দ অনুযায়ী উদযাপনের ভঙ্গি মাঠে রূপায়ন করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে এটি কোনো দলবদল সংক্রান্ত বার্তা না হয়ে শুধুই পারিবারিক বা ছেলের আবদার পূরণের উদযাপনও হতে পারে।

‎রাফিনিয়া নিজে এই উদযাপনের ব্যাখ্যা সংবাদমাধ্যমে খোলাসা করেননি। ফলে এটি কি বার্সেলোনায় আলভারেসের সম্ভাব্য আগমনকে ইঙ্গিত করে, নাকি স্রেফ একটি পারিবারিক উদযাপন—তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।