সাত মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এরপর পেনাল্টি মিস করেছিলেন লামিন ইয়ামাল। তারপরও জেরার্দ মার্তিন-ফিরমিন লোপেজদের কল্যাণে প্রত্যাবর্তনের গল্প লিখে ভিয়ারিয়ালকে হারিয়েছে কাতালানারা। ফিফা বিরতির পর শুরু হওয়া লা লিগার দ্বিতীয় দিনে আজ ঘরের মাঠে ৩-২ গোলের জয়ে ১৩ ম্যাচে মাত্র দ্বিতীয়বার পয়েন্ট হারানো থেকে বাঁচল কাতালানরা এবং শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টের লিড পুনরুদ্ধার করল।
ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ভিলারিয়ালের নিয়ন্ত্রণে। ৫ মিনিটে ফিরমিন লোপেজের আলগা পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তাজন বুকানন। এর মাত্র দুই মিনিট পরই, অর্থাৎ সপ্তম মিনিটে ব্যাকলাইন ভেঙে দারুণ ফিনিশিংয়ে নিয়ার পোস্টের ওপর দিয়ে ভিয়ারিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন তানিতোলুওয়া ওলুওয়াসেই। চলতি মৌসুমে অ্যাওয়ে লিগ ম্যাচে প্রথম আধা ঘণ্টায় গোল করতে না পারা ইনিগো পেরেজের দল এদিন শুরুতেই চমক দেখায়।
ধাক্কা সামলে বার্সেলোনা ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ওলুওয়াসেই বক্সের ভেতর লামিনে ইয়ামালকে ফাউল করলে ভিএআর রিভিউয়ের পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে দমকা বাতাসের প্রভাবেই কি না, স্পট-কিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন ইয়ামাল। বিরতির আগে আরও পাঁচটি প্রচেষ্টা চালিয়েও জালের দেখা পাননি অক্টোবরের 'গোল অব দ্য মান্থ' জয়ী এই ফরোয়ার্ড।
বিরতির পরও ভিয়ারিয়াল লিড ধরে রেখেছিল, যা ছিল চলতি মৌসুমে লিগে মাত্র দ্বিতীয়বার তাদের বিরতিতে এগিয়ে থাকার ঘটনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জোয়াও ক্যান্সেলোর শট নিয়ার পোস্টে লাগলে বার্সেলোনার হতাশা বাড়ে। তবে ৫৭ মিনিটে পেদ্রির দারুণ ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্দ মার্তিন
এর চার মিনিট পরই সমতায় ফেরে বার্সেলোনা। ভিয়ারিয়ালের রক্ষণভাগ চিরে ইয়ামালের বাড়ানো বলে নিখুঁত সাইড-ফুটে গোল করেন ফিরমিন লোপেজ। লা লিগার এই শতাব্দীতে মৌসুমের প্রথম ১১ ম্যাচে কোনো মিডফিল্ডারের সবচেয়ে বেশি গোল অবদানের (৭ গোল ও ৫ অ্যাসিস্ট) কীর্তি গড়া ফারমিন এই গোলের মাধ্যমে নিজের ছন্দ ধরে রাখেন। ৬৭ মিনিটে ডান দিক দিয়ে বল টেনে নিয়ে ইয়ামালের কাটব্যাক থেকে এরিক গার্সিয়া বল বাড়ান বক্সে, যা নিজেদের জালে ঠেলে দেন পাউ নাভারো। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
শেষ দিকে বদলি নামা দানি ওলমোর একটি প্রচেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ঠেকান গুল্যাক্সি। যোগ করা সময়ের শেষ দিকে রাফিনহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিয়ারিয়ালের নাভারো। দুই গোলের লিড হাতছাড়া করা ভিয়ারিয়াল লিগ টেবিলের নবম স্থানেই রয়ে গেছে; অবনমন অঞ্চল থেকে তারা মাত্র ৪ পয়েন্ট এগিয়ে।
ইয়ামালের অনাকাঙ্ক্ষিত কীর্তি
পেনাল্টি মিস করে লা লিগার ইতিহাসে এক বিব্রতকর রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ১৯ বছর ১৩২ দিন বয়সে স্পেনের শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিনটি পেনাল্টি মিস করার নজির গড়েছেন তিনি। এই পরিসংখ্যান তার অসামান্য প্রতিভার বিপরীতে এক ব্যতিক্রমী চিত্র তুলে ধরে।
লা লিগায় এ পর্যন্ত নেওয়া সাতটি পেনাল্টির মধ্যে তিনটিতে ব্যর্থ হয়েছেন এই স্প্যানিশ তারকা; তার সাফল্যের হার ৫৭.১ শতাংশ। এর মধ্যে দুটি শট পোস্টে লেগে বাইরে গেছে।
এই মিসের মাধ্যমে ইয়ামাল পেছনে ফেলেছেন ফার্নান্দো তোরেসকে—যিনি ২০০৪ সালে ২০ বছর ৬৪ দিন বয়সে তৃতীয় পেনাল্টি মিস করেছিলেন। তালিকায় এরপর আছেন লোপেজ উফার্তে (১৯৭৯ সালে ২০ বছর ৩১২ দিন বয়সে) এবং লাফুয়েন্তে (১৯২৯ সালে ২১ বছর ১৭৪ দিন বয়সে)।