ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাসিলেইরাও-এর ২৪তম রাউন্ডে ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ হয়েছে সান্তোস। ঘরের মাঠে মিরাসোলের বিপক্ষে পিছিয়ে পড়ার পর নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে সমতা ফেরালেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলকে। এই ড্রয়ে দুই দলই পয়েন্ট টেবিলের রেলিগেশন অঞ্চলের কাছাকাছি আটকে রইলো।
সান্তোস বর্তমানে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে, আর ২৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে অবস্থান করছে মিরাসোল।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে মিরাসোলকে ব্যতিব্যস্ত রাখে সান্তোস। দ্বিতীয় মিনিটে গাব্রিয়েল বারবোসার (গাবিগোল) পাস থেকে নেইমার দারুণ সুযোগ তৈরি করে দেন গুস্তাভো এনরিকেকে, কিন্তু তার শট ঠেকিয়ে দেন মিরাসোল গোলরক্ষক ওয়াল্টার।
৩৫ মিনিটে সান্তোসের ডিফেন্ডার এসকোবারের ভুল পাস ধরে অ্যালেসন বল বাড়িয়ে দেন এদুয়ার্দোর দিকে। বক্সের বাইর থেকে নিচু শটে ব্রাজাওকে পরাস্ত করে মিরাসোলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এদুয়ার্দো।
দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ মিস করার পর অবশেষে ৬৭ মিনিটে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের। নেইমারের নিখুঁত পাস ধরে দুর্দান্ত প্লেসিং শটে ওয়াল্টারকে পরাস্ত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলভারো বারিয়াল।
৭৭ মিনিটে দশজনের দলে পরিণত হলেও মিরাসোলের রক্ষণভাগ ভাঙতে পারেনি সান্তোস। ম্যাচের শেষ দিকে জয় পেতে গাবিগোলকে তুলে নিয়ে কাবালসেরোকে মাঠে নামান কোচ কুকা, যা নিয়ে গাবিগোলকে কোচের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
সান্তোসের পরবর্তী ম্যাচ: ২৬ আগস্ট কোপা দো ব্রাজিলে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের মুখোমুখি হবে সান্তোস। এরপর ৩০ আগস্ট ব্রাসিলেইরাও-তে মুখোমুখি হবে করিন্থিয়াসের।