বেইজিংয়ে উসাইন বোল্টের ‘বিশ্বরেকর্ড’ ভেঙে দিল যে রোবট

বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে ১০০ মিটার দৌড়ে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত সময় দৌড়েছে চীনের একটি মানবাকৃতির রোবট। শনিবার প্রতিযোগিতার বাছাইপর্বে ‘তিয়াংগং আল্ট্রা’ নামের রোবটটি ১০০ মিটার দৌড় শেষ করেছে ৯ দশমিক ৩৯ সেকেন্ডে। বোল্ট ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি তিয়াংগং আল্ট্রা নিজের হিটে জয় পায়। দৌড়ের শুরুতে পিছিয়ে থাকলেও শেষ দিকে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি ‘লাইটনিং’ রোবটকে পেছনে ফেলে দেয়। লাইটনিং ৯ দশমিক ৪৭ সেকেন্ডে দৌড় শেষ করে, যা বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত।

তবে মানুষের মতো নিখুঁতভাবে দৌড় শেষ করতে পারেনি রোবট দুটি। ফিনিশ লাইনের পর থামানোর জন্য রাখা মোটা ম্যাটে গিয়ে দুটিই সজোরে ধাক্কা খায়। তিয়াংগং আল্ট্রা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দিকে ছিটকে পড়ে। এতে আশপাশের দর্শকদের সরে যেতে হয়। অন্যদিকে লাইটনিং দৌড় শেষে মাটিতে পড়ে যাওয়ায় স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।

গত বছরের প্রথম আসরের তুলনায় এবার রোবটগুলোর পারফরম্যান্সে বড় উন্নতি দেখা গেছে। গত বছর তিয়াংগং আল্ট্রা ১০০ মিটার শেষ করতে ২১ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়েছিল। একই রোবট গত বছর বেইজিংয়ে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনও জিতেছিল।

শনিবার এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং ৯ দশমিক ৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিল। ওই দৌড়ে রোবটটির সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১৪ দশমিক ৫ মিটার।

এবারের হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনও জিতেছে লাইটনিং। ৫০ মিনিট ২৬ সেকেন্ডে দৌড় শেষ করে এটি পুরুষদের এলিট বিশ্ব রেকর্ডের গতির চেয়েও বেশি গতিতে দৌড়েছে।

হাফ-ম্যারাথনের সময় লাইটনিংয়ের উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। পরে প্রতিযোগিতার আগে গবেষকেরা রোবটটির পা আরও ১০ সেন্টিমিটার লম্বা করে ১ দশমিক ০৫ মিটার করেন বলে জানিয়েছে চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

রোবটের প্রতিযোগিতায় ৫১ ইভেন্ট

এবারের বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে ৫১টি ইভেন্ট রয়েছে। ১০০ মিটার দৌড়ের পাশাপাশি ফুটবল, নাচ এবং বিভিন্ন শিল্পভিত্তিক কাজের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে।

চীন হিউম্যানয়েড রোবটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প হিসেবে বিবেচনা করছে। দেশটির নীতিনির্ধারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যারের উন্নতির ফলে উৎপাদন, লজিস্টিকস এবং ভোক্তা পর্যায়ের বিভিন্ন কাজে হিউম্যানয়েড রোবটের ব্যবহার দ্রুত বাড়বে।

এই খাতে বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। চলতি সপ্তাহে সাংহাইয়ে চীনের পরিচিত হিউম্যানয়েড রোবট নির্মাতা ইউনিট্রির শেয়ার লেনদেন শুরুর দিনেই পাঁচ গুণের বেশি বেড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছায়।

এবারের প্রতিযোগিতায় ১৬টি দেশ ও ছয়টি মহাদেশের ৬৬৬টি দলের ২ হাজার ৫৬টি রোবট অংশ নিচ্ছে। গত বছর প্রথম আসরে অংশ নিয়েছিল ২৮০টি দল।

বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বুধবার পর্যন্ত চলবে।