ফিলিস্তিন ইস্যু

কারিনাকে ইউনিলিভার বয়কটের আহবান

দীর্ঘদিন ধরেই ভারতের ইউনিলিভার ও ম্যাগনামের বিপণন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর। একই সঙ্গে তিনি বিভিন্ন সময়ে ফিলিস্তিনি শিশুদের ওপর সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থানও জানিয়েছেন। এবার এই অভিনেত্রীকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইউনিলিভার ও এর আইসক্রিম ব্র্যান্ড ম্যাগনামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছেন বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা বেন কোহেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কারিনা কাপুরকে উদ্দেশ করে এ আহবান জানান তিনি। কারিনা কাপুর কী সেই আহবান রক্ষা করে ইউনিলিভার বয়কট করবেন? এ ব্যাপারে অভিনেত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। বেন কোহেন অভিযোগ করেন, ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা বন্ধ করার চেষ্টা করছে ইউনিলিভার ও ম্যাগনাম। তার দাবি, গত বছরের ডিসেম্বরে বেন অ্যান্ড জেরির সামাজিক কার্যক্রম দেখভাল করা স্বাধীন পর্ষদের সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল ম্যাগনাম। 

কারিনা কাপুর বিষয়টি জানতে পারলে ন্যায়ের পক্ষে দাঁড়াবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে বেন কোহেন তাকে ইউনিলিভার ও ম্যাগনামকে বেন অ্যান্ড জেরির সামাজিক অবস্থান প্রকাশের সুযোগ দেওয়ার আহবান জানান। এ ছাড়া কারিনার অনুসারীদের তার সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে ‘ম্যাগনাম বয়কট’ ও ‘বেন অ্যান্ড জেরিজকে মুক্ত করো’- এ ধরনের প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

ফিলিস্তিনের প্রতি সমর্থনের ক্ষেত্রে কারিনা কাপুরের প্রকাশ্য অবস্থান অবশ্য সীমিত। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অল আইজ অন রাফাহ’ প্রচারের একটি পোস্ট এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের একটি বিবৃতি পুনঃপ্রকাশ করেছিলেন। ওই বিবৃতিতে ফিলিস্তিনি শিশুদের হত্যার নিন্দা জানানো হয়েছিল। অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে বেন কোহেন দীর্ঘদিন ধরেই সরব। ওয়াশিংটনে মার্কিন সিনেটের এক শুনানিতে ফিলিস্তিনিদের হত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতারও হয়েছিলেন তিনি। এমনকি বেন অ্যান্ড জেরির মূল প্রতিষ্ঠানের সঙ্গে মতবিরোধের মধ্যেই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের স্বাদের একটি আইসক্রিম নিজ উদ্যোগে তৈরি করেছিলেন বেন কোহেন। তার অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি ফিলিস্তিন নিয়ে এমন পণ্য তৈরি করতে তাকে অনুমতি দেয়নি।