ছক্কা মেরে ফিফটি, হ্যাটট্রিক জয় আনলেন শামীম

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দাপুটে পারফরম্যান্স বজায় রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে ভিক্টোরিয়া সিএ একাদশকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। ছক্কা হাঁকিয়ে একাধারে নিজের ফিফটি ও দলের জয় নিশ্চিত করেন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী।

ব্যাটিং বিপর্যয় থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। দলীয় মাত্র ৩ রানে বিদায় নেন ওপেনার হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম। শুরুর বিপর্যয় কাটিয়ে জিসান আলম ও সাব্বির রহমানের ছোট অবদানের পর ইনিংসের গতি ফেরান অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারী।

ইরফান ৩২ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলে সাজঘরে ফিরলেও উইকেটে অটল থাকেন শামীম। ৩৩ বলে অপরাজিত ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি, যা সাজানো ছিল ২টি চার ও ৩টি ছক্কায়। ১৮তম ওভারের দ্বিতীয় বলে বিশাল এক ছক্কা মেরেই তিনি ফিফটি পূরণের পাশাপাশি বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ভিক্টোরিয়াকে কম রানে আটকায় বোলাররা

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভিক্টোরিয়া সিএ দল মো. রুবেল ও রাকিবুল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পড়তে বাধ্য হয়। ১৯.১ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ৪ ওভারে ১৫ রান খরচায় নেন ৪টি উইকেট। বাহাতি স্পিনার রাকিবুল হাসান ২৮ রান দিয়ে পান ৩টি উইকেট।

ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন তাদের অধিনায়ক স্যাম হার্পার এবং উইল সাদারল্যান্ডের ব্যাট থেকে আসে ৩০ রান।

পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি

 

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল বাংলাদেশ এইচপি। এর আগের দুটি ম্যাচে তারা নেপাল এবং হোবার্ট হারিকেনস একাডেমিকে পরাজিত করেছিল। অপরাজিত থাকা বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’ দল।