রুবেলের ৫ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিংয়ের পর সাব্বির রহমানের কার্যকর ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পেয়েছে তারা। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ এইচপি।

আজ টস জিতে আগে ব্যাট করা নর্দার্ন টেরিটরি স্ট্রাইক শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে। এক পর্যায়ে মাত্র ৯৭ রানেই ৮ উইকেট হারিয়ে বসে আয়োজকরা। শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে তারা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান আসে জর্ডান সিল্কের ব্যাট থেকে। ৩১ রান করেন তিনি। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬, আর ক্যাডেল ম্যাকমাহন করেন ২৫ রান।

বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন রুবেল। এই রহস্য স্পিনার মাত্র ২১ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন। তার বোলিংয়েই মূলত বড় সংগ্রহ গড়ার সুযোগ হারায় নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য স্বস্তির ছিল না বাংলাদেশ এইচপির। ইনিংসের তৃতীয় ওভারেই আরিফুল ইসলাম ফিরে গেলে দ্রুত উইকেট হারানোর শঙ্কা তৈরি হয়। এরপর দলের হাল ধরেন সাব্বির রহমান। তিনে নেমে সাব্বির ৩৭ বল মোকাবিলা করে ৪৭ রান করেন। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। মাত্র তিন রানের জন্য ফিফটি না পেলেও দলকে জয়ের পথে এগিয়ে দেওয়ার কাজটা ঠিকই করে যান তিনি।

সাব্বির ফেরার পর কিছুটা চাপ তৈরি হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাবিবুর রহমান সোহানের ১৮ বলে ২২ এবং সামিউন বাসির রাতুলের ৮ বলে অপরাজিত ১৪ রানের কার্যকর অবদানে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে এইচপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত