এশিয়া কাপে সেমিফাইনালের গেরো ছিঁড়তে চান জ্যোতিরা

দুই ভিন্ন মঞ্চে এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে নারী এশিয়া কাপ, এরপর জাপানে এশিয়ান গেমস। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে শিরোপা পুনরুদ্ধার এবং স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি সেরেছেন নিগার সুলতানা জ্যোতির দল।

দুই টুর্নামেন্ট খেলতে আগামী পরশু দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের ফটোসেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দুই আসর নিয়েই নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানান বাংলাদেশ অধিনায়ক।

এনিয়ে জ্যোতি বলেন, ‘প্রথমে এশিয়া কাপ। সেখানে যদি আমরা আরও ভালো খেলতে পারি, তাহলে এশিয়ান গেমসেও সেটার প্রতিফলন অবশ্যই আসবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে দুই টুর্নামেন্টেই ভালো করার সম্ভাবনা থাকবে।’

বাংলাদেশের নারী ক্রিকেটে এশিয়া কাপ জয়ের স্মৃতি বেশ পুরনো। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ইতিহাস গড়ে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো মুকুট জিতেছিল তারা। সেই শিরোপা এবার পুনরুদ্ধার করতে চায় জ্যোতির দল। সাম্প্রতিক আসরগুলোতে অবশ্য সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। এবার সেই বাধা ভেঙে ফাইনালে ওঠাকেই প্রথম লক্ষ্য হিসেবে দেখছেন অধিনায়ক।

এজন্য প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। এবার আমরা নিজেদের মধ্যে অনেকগুলো অনুশীলন ম্যাচ খেলেছি। এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে বাদ পড়ে আসি...., বারবার একই জিনিস হচ্ছে। তাই এবার আমরা এই বাধাটা ভাঙতে চাই।’

গত আসরে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও সতর্ক জ্যোতি, ‘গতবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিলাম। আমরা সেমিফাইনালের বাধাটা পেরোতে পারছি না। এবার আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনালে উঠতে পারলে তখন শিরোপা জয়ের বিষয়টিও সামনে চলে আসবে।’

এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে নারী দল। ছবি- বাফুফে

এশিয়া কাপের পর বাংলাদেশের সামনে থাকবে এশিয়ান গেমসের চ্যালেঞ্জ। এই আসরেও বাংলাদেশের মেয়েদের সাফল্যের ইতিহাস আছে। ২০১০ সালে এশিয়ান গেমসে রুপার পদক জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সর্বশেষ আসরে অর্জন ছিল ব্রোঞ্জ। দক্ষিণ এশিয়ান গেমসেও বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ জিতেছে। এবার সেই সাফল্যের তালিকায় সোনার পদক যোগ করতে চায় তারা।

প্রথম লক্ষ্য পদক নিশ্চিত করা হলেও স্বপ্ন অবশ্যই স্বর্ণের। এনিয়ে জ্যোতি বলেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, ২০১০ সালে পেয়েছিলাম রুপা। দক্ষিণ এশিয়ান গেমসেও আমরা ব্রোঞ্জ পেয়েছি। আমাদের দলকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরা যেন একটি পদক নিয়ে আসতে পারি, আর সেটি যদি সোনা হয়, তাহলে অবশ্যই আরও বড় অর্জন হবে। আমাদের চেষ্টা তো থাকবেই।’