মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৮ হাজারে বিক্রি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ৫০০ টাকায়। বড় আকারের ইলিশটি ঘিরে ঘাটে থাকা জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ ঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে সর্বোচ্চ দর দিয়ে ইলিশটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী।

জেলে কিরণ মাঝি জানান, সোমবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরতে জাল ফেলেন তিনি। এ সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকারের মাছটি জালে আটকা পড়ে। পরে মাছটি অন্যান্য ইলিশের সঙ্গে রামনেওয়াজ ঘাটে এনে বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে নিলামে তোলা হয়।

মাছ ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী বলেন, নিলামে তিনি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে সর্বোচ্চ দর দিয়ে ৮ হাজার ৫০০ টাকায় ইলিশটি কিনেছেন। মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে প্রায় ১০ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় বড় আকারের ইলিশের উপস্থিতি তুলনামূলক কম। এর মধ্যে প্রায় ২ কেজি ওজনের ইলিশ ধরা পড়ার ঘটনা আনন্দের। সামনে বৃষ্টিপাত হলে নদীতে পানির প্রবাহ ও পরিবেশ অনুকূলে এলে আরও বড় আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে বলে আশা করা যায়।