রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসার ফ্যানের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
এসআই আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। তিনি আগে নটরডেম কলেজের শিক্ষক ছিলেন। ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।