সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটের শাহপরাণ এলাকায় নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ীর নাম শাহাব উদ্দিন (৬০)। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রামে। তিনি সিলেটের শাহপরাণ ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় সপরিবারে বসবাস করতেন। চারখাই বাজারে তার একটি ভোগ্যপণ্যের দোকান রয়েছে।

শাহপরাণ (রহ.) থানার ওসি মনির হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাতে কে বা কারা শাহাব উদ্দিনকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহাব উদ্দিনের ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ভাই এসে আমাদেরকে বলেন আমার বাবাকে কারা যেনো আটকে রেখেছে। আমি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তার ঘাড়ে ৩টি কুপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

নিহত শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্স প্রবাসী।

শাহপরাণ (রহ.) থানার ওসি সোমবার সন্ধ্যায় জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। জমির বিরোধ কিংবা টাকা-পয়সার লেনদেনের বিরোধে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে এখনো জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।  

গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসায় প্রবীণ ব্যবসায়ী আবদুস সাত্তার, তা স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম খুন হন।