কুড়িগ্রামে সার লুট: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি অভিযুক্ত বিএডিসি ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

ইউএনও জানান, তদন্ত প্রতিবেদনে ডিলারের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় কৃষকদের কাছে সার বিক্রি না করে অন্য মাধ্যমে সার বিক্রি করা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ না করা। এছাড়াও আরও কয়েকটি অনিয়ম তদন্তে উঠে এসেছে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে জেলা প্রশাসকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রবিবার (২৩ আগস্ট) সকালে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে বিক্ষুব্ধ কৃষকেরা প্রায় ১৯৭ বস্তা সার নিয়ে যান। পরে প্রশাসনের অভিযান চালিয়ে ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়।