আনোয়ারায় হাজারী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া হতে বটতলী পর্যন্ত হাজারী সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার ফলে রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে ওই সড়কে হাজারো মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

স্থানীয়রা জানান, এই রাস্তাটি এলাকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষদের। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ে।

এর আগে প্রায় কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করা হলেও কয়েক মাস আগে কাজ পেলে উধাও হয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদার।  অথচ এ সড়ক ব্যবহার করে বরুমচড়া থেকে বটতলী ইউনিয়নে যাতায়াত হয়। পুরো সড়কটি সংস্কার করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হতো।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বরুমচড়া নলদিয়া থেকে বটতলী রুস্তমহাটে যাওয়া সড়কটিতে গর্তের সৃষ্টি হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে পায়ে হাঁটাও যাচ্ছে না। রিকশায় উঠা যাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছেন ঝাঁকুনিতে। এ সড়ক দিয়ে গাড়ি চলাচল দূরের কথা, পায়ে হাঁটাও যায় না।
  
মানবন্ধনকারীরা বলেন, বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিকাদার-উপঠিকাদার হাত বদল হতে হতে শেষ পর্যন্ত সড়কের কাজই হয়নি। তাই এলাকাবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধনে দাঁড়াতে হয়েছে।  
স্থানীয়রা বলেন, সড়কের কারণে কেউ আত্মীয়তা করতে চায় না এ গ্রামের মানুষের সাথে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।  

স্থানীয় আতিকুর রহমান বলেন, অনেক জনপ্রতিনিধিকে আমরা অতীতে জয়যুক্ত করেছি। কিন্তু তারা আমাদের রাস্তার উন্নয়ন না করে এলাকাবাসীর সাথে প্রতারণা করেছে।  

ব্যবসায়ী আরিফ সিকদার বলেন, অতি দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক। যাতে জনগণের দুর্ভোগ লাঘব হয়। আমরা আর প্রতিশ্রুতি চাই না। এবার বাস্তবায়ন চাই।  এ ব্যাপারে আমরা স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,কৃষক,শ্রমিক ও কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।