অন্ধ অনুসরণ ইসলামের শিক্ষা নয়

পবিত্র কোরআন মানুষকে জ্ঞান ও প্রমাণের ভিত্তিতে চলতে শিক্ষা দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ কোরো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর, এগুলোর প্রতিটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা বনি ইসরাইল ৩৬)

এই আয়াত মানুষের চিন্তা ও আচরণের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতি। কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকলে সেখানে কথা বলা উচিত নয়। সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অন্যের কথা অন্ধভাবে অনুসরণ করাও উচিত নয়।

মানুষের একটি বড় দুর্বলতা হলো, শোনা কথা দ্রুত বিশ্বাস করা। কেউ বলল, অমুক ব্যক্তি এমন কাজ করেছে। সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস করে ফেলি। অথচ বিষয়টি সত্য নাও হতে পারে।

কোরআন এ বিষয়ে সতর্ক করেছে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।’ (সুরা হুজুরাত ৬)

এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। খবর পেলেই তা বিশ্বাস করা যাবে না। আগে যাচাই করতে হবে। সত্যতা নিশ্চিত করতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে।

একটি মিথ্যা কথা অনেক মানুষের জীবন নষ্ট করতে পারে। কারও সম্মান নষ্ট হতে পারে। পরিবারে অশান্তি তৈরি হতে পারে। বন্ধুত্ব ভেঙে যেতে পারে। সমাজে বিভেদ সৃষ্টি হতে পারে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই বিপদ আরও বেড়েছে। একটি খবর যাচাই না করেই অনেকে শেয়ার করে দেয়। পরে দেখা যায়, খবরটি ছিল মিথ্যা। একজন মুসলিমের দায়িত্ব হলো, সে যা জানে না তা প্রচার না করা। কারণ প্রতিটি কথা তার আমলনামায় লেখা হচ্ছে।

মহান আল্লাহ বলেছেন, কান, চোখ ও অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কান দিয়ে আমরা কী শুনেছি, তার হিসাব হবে। চোখ দিয়ে কী দেখেছি, তার হিসাব হবে। অন্তরে কী বিশ্বাস করেছি ও কী চিন্তা করেছি, তারও জবাবদিহি করতে হবে।

তাই একজন মুসলিমের কানকে গুজব থেকে বাঁচাতে হবে। চোখকে হারাম থেকে বাঁচাতে হবে। অন্তরকে সন্দেহ, বিদ্বেষ ও মিথ্যা ধারণা থেকে পবিত্র রাখতে হবে।

সবকিছু জানা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই কোনো বিষয়ে না জানলে ‘আমি জানি না’ বলা দুর্বলতা নয়। বরং এটি জ্ঞানের প্রতি সম্মান। অনেক মানুষ না জেনেও কথা বলতে চায়। বিশেষ করে ধর্মীয় বিষয়ে এটি খুব বিপজ্জনক। কোরআন ও হাদিসের জ্ঞান ছাড়া নিজের মতকে ইসলামের বক্তব্য হিসেবে তুলে ধরা উচিত নয়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো।’ (সুরা নাহল ৪৩)

এ আয়াত আমাদের একটি সুন্দর পথ দেখায়। না জানলে জিজ্ঞাসা করতে হবে। জানতে হবে। তারপর কথা বলতে হবে।

আল্লাহ আমাদের শিখিয়েছেন, যে বিষয়ে জ্ঞান নেই, তার অনুসরণ করা যাবে না। এটি শুধু ধর্মীয় বিষয়ের জন্য নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এ শিক্ষা প্রযোজ্য।

লেখক : ইসলামি গবেষক