জোড়া সাফল্যের আশা জ্যোতিদের

নির্বাচন হাসিবুল হোসেন শান্তকে উদ্দেশ করে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার এসএম গোলাম ফাইয়াজ বলেন, ‘আপনি বিকেল সাড়ে ৩টার মধ্যে বিমানবন্দরে থাকবেন।’ সেখানে উপস্থিত টিম ম্যানেজমেন্টের একজন সদস্য কৌতূহলী হয়ে ম্যানেজারের কাছে জানতে চান, ‘ফ্লাইট তো সাড়ে ৭টায়। এত আগে গিয়ে কী করবে?’ গতকাল দুপুরে তাদের এই কথোপকথনের পরও হাতে দুই দিনের বেশি সময় ছিল। অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় ঢাকা ছাড়বেন নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। তবে আগভাগেই নিজেদের প্রস্তুতি সেরে রেখেছেন তারা। এর অংশ হিসেবে গতকাল মিরপুরে ফটোসেশন ও সংবাদ সম্মেলন করেন। সেখানে অধিনায়ক নিগার সুলতানা জোড়া সাফল্যের প্রত্যাশার সুর চড়ালেন।

এক মঞ্চে হারানো মুকুট পুনরুদ্ধারের স্বপ্ন, অন্য মঞ্চে সোনার পদকের হাতছানি। সময়ের ব্যবধান খুব বেশি নয়। তবে দুটো চ্যালেঞ্জ প্রায় একই। প্রথমে নারী এশিয়া কাপ, এরপর এশিয়ান গেমস। এশিয়ার দুই বড় আসরে পরপর মাঠে নামার আগে জোড়া সাফল্যের স্বপ্নে চোখ বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শিরোপা পুনরুদ্ধার ও স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি সেরে বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছে জ্যোতির দল। শুরুতে এশিয়া কাপের মঞ্চে ভালো করতে পারলে সেটার আত্মবিশ্বাস এশিয়ান গেমসেও কাজে লাগবে বলে মনে করেন এই অধিনায়ক, ‘প্রথমে এশিয়া কাপ। সেখানে যদি আমরা আরও ভালো খেলতে পারি, তাহলে এশিয়ান গেমসেও সেটার প্রতিফলন অবশ্যই আসবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে দুই টুর্নামেন্টেই ভালো করার সম্ভাবনা থাকবে।’

২০১৮ সালে মালয়েশিয়ায় সালমা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে তারা। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম বড় আন্তর্জাতিক সাফল্য।

সেই হারানো মুকুট পুনরুদ্ধারের স্বপ্ন নিয়েই এবার মাঠে নামছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক এশিয়া কাপের দুটি আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। ফলে এবার প্রথম লক্ষ্য সেই বাধা পেরিয়ে ফাইনালে ওঠা। এ নিয়ে জ্যোতি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। এবার আমরা নিজেদের মধ্যে অনেকগুলো অনুশীলন ম্যাচ খেলেছি। এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে বাদ পড়ে আসি। বারবার একই জিনিস হচ্ছে। তাই এবার আমরা এই বাধাটা ভাঙতে চাই।’

গত আসরের অভিজ্ঞতাও এবার সামনে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হয় তাদের। এজন্য এবার গ্রুপ পর্বের ম্যাচে বাড়তি গুরুত্ব দিচ্ছেন জ্যোতি, ‘গতবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিলাম। আমরা সেমিফাইনালের বাধাটা পেরোতে পারছি না। এবার ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনালে উঠতে পারলে তখন শিরোপা জয়ের বিষয়টিও সামনে চলে আসবে।’