ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ শুরু

বাংলাদেশসহ ১১ দেশের ২৪ জন পেশাদার ক্রীড়াবিদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। অংশ নেওয়া বাকি দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিসর, জাপান ও জার্মানি। স্বাগতিক দেশের হয়ে খেলবেন আমিনুল, সাইমন ও পারভেজ। বিশ্ব র‌্যাংকিংয়ে আমিনুল ৬৯৬তম, সাইমন ৭৭৫তম এবং পারভেজ ৮৭৫তম অবস্থানে রয়েছেন। এর আগে বসুন্ধরা স্পোর্টস সিটিতে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম এবং বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাসিনুল করিম (অব.) উপস্থিত ছিলেন।