রবার্ট লেভানডফস্কি চলে গেছেন। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসও ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় বার্সেলোনার স্কোরার নিয়ে দুশ্চিন্তা চলছে। এ জন্য হুলিয়ান আলভারেজকে আনার জন্য উঠেপড়ে লেগেছেন গত দুবারের চ্যাম্পিয়নরা। তবে সংকটের আপাতত সমাধান দিয়েছেন রাফিনহা। সাধারণত ডান উইংয়ে খেলা ব্রাজিলিয়ানকে স্ট্রাইকার পজিশনে নামিয়েছিলেন কোচ হানসি ফ্লিক এলচের বিপক্ষে প্রথম ম্যাচে। আস্থার প্রতিদান দিয়েছেন রাফিনহা। জোড়া গোল করে ৫-০ গোলের বিশাল জয়ে নেতৃত্ব দিয়েছেন। ওদিকে তোরেসও জোড়া গোল করে পিএসজির হার এড়াতে (২-২) বড় ভূমিকা রেখেছেন।
এলচেকে নিয়ে বার্সেলোনার ছিনিমিনি : লা লিগার শিরোপা জয়ের হ্যাটট্রিকের অভিযানে নেমে ঘরের বাইরে এলচের বিপক্ষে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে হান্সি ফ্লিকের দল। ১৪ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে নেন অধিনায়ক রাফিনহা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নবাগত করিম আদেইয়েমি রাফিনহার বাড়িয়ে দেওয়া পাস থেকে নিজের অভিষেক ম্যাচেই দলের হয়ে দ্বিতীয় গোল করেন। ম্যাচের ৬৭ মিনিটে বদলি হিসেবে নেমে অ্যান্থনি গর্ডন রাফিনহাকে দ্বিতীয় গোল করতে সহায়তা করেন (৩-০) । এর চার মিনিট পর গর্ডনের সহায়তায় গোল করে স্কোরলাইন ৪-০ করেন ফিরমিন লোপেজ। ম্যাচের ৭৯ মিনিটে ফিরমিন নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি সম্পন্ন করেন।
তোরেসের জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর ড্র : লিগ ওয়ানে রেনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়ে বিপদে পড়েছিল এনরিকের পিএসজি। উসমান দেম্বেলে ও খিচা কাভারাৎস্কায় হতাশ করায় বিরতির পরই তাদের তুলে নিয়ে মাঠে নামানো হয় বার্সেলোনা থেকে সদ্য যোগ দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস ও মিকা গডটসকে। পিএসজির জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করেন বিশ্বকাপের ফাইনালে গোল করা তোরেস। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়ে ২-২ সমতায় ম্যাচ শেষ করেন তিনি।