বিমানবন্দর এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুক আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ তাদের আটক করে। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে গত কয়েকদিনে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩২৮ জনকে আটক করা হয়েছে। আটক শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিমানবন্দর থানা পুলিশ।