মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনি কল্যাণ সমিতির উদ্যোগে ১৯৬০ সাল থেকে বসবাসরত এবং ২০২২ সালের ২৩ নভেম্বর বিনা নোটিশে উচ্ছেদকৃত ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন, ফ্ল্যাট বরাদ্দ, বৈষম্য নিরসন এবং আদালতের রায় ও আদেশের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আজ সোমবার শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম ধাপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডি-টাইপ কলোনির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করে ২৮৮টি পরিবারের ন্যায়সংগত দাবি ও স্থায়ী ঠিকানা পুনঃপ্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট অনিয়ম ও অভিযোগসমূহের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়।
মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনি কল্যাণ সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়:
১. সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রায় ও আদেশ যথাযথভাবে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন।
২. দীর্ঘদিনের বসবাসকারী ও উচ্ছেদকৃত ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন ও ফ্ল্যাট বরাদ্দ নিশ্চিত।
৩. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহজ ও মানবিক কিস্তি সুবিধা নিশ্চিত।
৪. তৎকালীন পরিস্থিতিতে আবেদন করতে না পারা ৩৫টি পরিবারকে যথাযথ যাচাই সাপেক্ষে পুনরায় আবেদনের সুযোগ।
৫. ডি-৫ থেকে ডি-৮ ভবনের সাবেক বাসিন্দা ও যোগ্য আবেদনকারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে বিষয়টি পুনর্বিবেচনা।
৬. কনকচাঁপা প্রকল্পে প্রয়োজনীয় অতিরিক্ত লিফট স্থাপন।
৭. দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বাইতুস সুজুদ জামে মসজিদকে ভবিষ্যৎ প্রকল্পের পরিকল্পনায় অন্তর্ভুক্ত/সংরক্ষণের ব্যবস্থা।
৮. সংশ্লিষ্ট প্রসপেক্টাসের শর্ত এবং ২৩ জুলাই ২০২৬ তারিখের সরকারি নির্দেশনার মধ্যে প্রয়োজনীয় সামঞ্জস্য নিশ্চিত করতে হবে।
একই দিনে অনুষ্ঠিত মানববন্ধন, অবস্থান ও পদযাত্রা—এই দুই ধাপের কর্মসূচিকে সফল ও সাফল্যমণ্ডিত করতে যারা নিজেদের মূল্যবান সময়, শ্রম, সহযোগিতা ও আন্তরিকতা দিয়ে পাশে ছিলেন, মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনি কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান।
বিশেষভাবে এলাকার বিভিন্ন গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ডি-টাইপ কলোনির বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সকল সহমর্মী ব্যক্তি ও সংগঠনের প্রতিও তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যস্ততার মধ্যেও মূল্যবান সময় ব্যয় করে কর্মসূচিতে উপস্থিত থেকে ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত দাবির প্রতি সংহতি প্রকাশ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রিপোর্টার, ফটোসাংবাদিক ও ক্যামেরাম্যান ভাইদেরও ধন্যবাদ জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের দীর্ঘদিনের ন্যায়সংগত দাবি, মানবিক সংকট ও অধিকারবঞ্চনার বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টির জন্য ধন্যবাদ।
মানববন্ধনে তারা বলেন, মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনি কল্যাণ সমিতি বিশ্বাস করে, আইনের শাসন, ন্যায়বিচার, মানবিকতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন, ফ্ল্যাট বরাদ্দ এবং স্থায়ী ঠিকানা পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে।