ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রিটিশ সামুদ্রিক সংস্থা জানায়, ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউকেএমটিও জানায়, তেলবাহী ট্যাংকারের মাস্টার জানান, জাহাজটি অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটি অচল হয়ে পড়েছে। তবে জাহাজের সব ক্রু নিরাপদ আছেন।
ঘটনাটি ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল (১৬ দশমিক ৭ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটেছে।
সংস্থাটি অনলাইনে প্রকাশিত বিবৃতিতে জানায়, জাহাজটি কোন দেশের এবং এটি কোন দিকে যাচ্ছিল-সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।