মনিরামপুর পৌরসভায় মাস্টার প্ল্যান বিষয়ক পরামর্শকরণ সভা

যশোরের মনিরামপুর পৌরসভা অবস্থানগতভাবে আঞ্চলিক যোগাযোগ ও উন্নয়নের সম্ভাবনাময় হলেও ২৯ বছর ধরে পৌরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এ অবস্থার উত্তরণে পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী আইইউজিআইপি-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ২০২৭ থেকে ২০৪৭ মেয়াদে পরিকল্পিত, টেকসই, জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাঠামোগত নগর প্রবৃদ্ধি ব্যবস্থাপনা, পৌরসেবা ও উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়নের কাজ চলতি বছরের ২৪ আগস্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনাবিদ সামিউল আল নূর আইইউজিআইপি-এর আওতায় পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নসংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জুনিয়র আরবান প্ল্যানার আশরাফুল আলম, মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, পৌর প্রকৌশলী উত্তম মজুমদার। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বাজার-ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।