মনিরামপুরে মৎস ঘের মালিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
যশোরের মনিরামপুরে রঞ্জন মন্ডল নামে (৬৩) এক মৎস্য ঘের মালিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
শনিবার (৭ নভেম্বর) উপজেলার মুক্তেশ্বরী নদীর হেলারঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
 
মৃত রঞ্জন মন্ডল কেশবপুর উপজেলার কালিচরনপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। 
 
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।
 
জানা যায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর হেলারঘাট ব্রিজের পাশে স্থানীয় রমেশ চন্দ্র নদীতে পেতে রাখা জাল তুলতে গিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করেন। 
 
নিহতের পরিবারের দাবি, অপহরণের পর শ্বাসরোধ করে রঞ্জন মন্ডলকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 
 
রঞ্জন মন্ডলের স্ত্রী বিউটি মন্ডল জানান, শুক্রবার বিকালে তার স্বামী বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশে গিয়েছিলেন কিন্তু রাতে আর বাড়িতে ফেরেন নাই।
 
মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, রঞ্জন মন্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 
সর্বশেষ সর্বাধিক পঠিত