সাতক্ষীরায় তালা উপজেলাধীন পাটকেলঘাটায় দ্রুতগতির সোহাগ পরিবহনের ধাক্কায় আনন্দ কুমার দাস (৫৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এই ঘটনা ঘটে।
নিহত আনন্দ কুমার দাস সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আনন্দ দাস সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১২ -৪৪৬২) শাকদহ ব্রীজের অদূরে তাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তার পাশে পানিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাস আনন্দকে চাপাদিয়ে রাস্তার পাশে কাত হয়ে পড়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরবর্তীতে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম আরও বলেন, নিহতের মরদেহ বর্তমানে তার বাড়িতে আছে। খর্ণিয়া হাইওয়ে থানাকে সংবাদ দেওয়া হয়েছে। দুপুরে বাসটি খাদ থেকে উদ্ধার করে জব্দ করে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।